নাবালিকা ছাত্রীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার অভিযুক্তের মা সহ তিন
দি নিউজ লায়নঃ প্রতিবেশী একটি পরিবারের বিরুদ্ধে এক নাবালিকাকে অপহরণের অভিযোগে শোরগোল পড়ে যায় নবদ্বীপ পৌরসভার ২৪ নং ওয়ার্ডের প্রফুল্লনগর অঞ্চলে। নাবালিকা ছাত্রীকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে, প্রফুল্লনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হল অভিযুক্তের মা, মাসী ও মেসোকে। যদিও মূল অভিযুক্ত সোমনাথ মন্ডল এবং অপহৃত নাবালিকার এখনও হদিশ মেলেনি। ওই নাবালিকা ছাত্রীর মায়ের দাবি তার মেয়ে একাদশ শ্রেণীর ছাত্রী গত ১ ডিসেম্বর বাড়ি থেকে জিনিস কেনার নাম করে বেরিয়ে যায়।
দীর্ঘ সময় কেটে যাওয়ায় পরেও সে বাড়ি ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে মেয়েকে পাওয়া যায়নি বলে দাবি জানান তারা। পরে বাড়ির লোক জানতে পারেন তার প্রতিবেশী সোমনাথ মন্ডল তাকে অপহরণ করেছে। মেয়েকে খুঁজে না পেয়ে গত ৬ তারিখে নবদ্বীপ থানায় ওই নাবালিকার মা প্রতিবেশী যুবকের নামে অপহরণের অভিযোগ দায়ের করেছিলেন। এমনকি অভিযুক্ত যুবকের মা মালতি মন্ডল, মাসি কল্যাণী মন্ডল এবং মেসো বিশ্বজিৎ দেবনাথের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন নাবালিকার মা। রবিবার রাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্তের মেশোমশাইকে। এবং সোমবার সকালে অভিযুক্তের মা এবং মাসিকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ।
ধৃতদের সোমবার নবদ্বীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে অভিযুক্ত সোমনাথ এবং নাবালিকার খোঁজ চালাচ্ছে নবদ্বীপ থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দুই পরিবারের মধ্যে অতীতের কোন বিবাদের জেরে এই অপহরণ হয়ে থাকতে পারে তবে নাবালিকা নিজে থেকেই অভিযুক্তের সঙ্গে পালিয়ে গিয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে তথ্যের সন্ধান করতে চাইছেন তদন্তকারীরা।

Post a Comment